
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুন্নী ইসলাম। রোববার ( ২ আগস্ট ) তিনি ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
এর আগে সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে এসে তিনি ব্রাহ্মণপাড়ায় দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

৩৭তম বিসিএস ( প্রশাসন ) ক্যাডারের কর্মকর্তা মুন্নী ইসলাম এর আগে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে সেখান থেকে ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
এদিকে ব্রাহ্মণপাড়ার দায়িত্বে থাকা বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে একই পদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বদলি করা হয়েছে।
ইউএনও মুন্নী ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের বাসিন্দা। তিনি ৩৭ তম বিসিএস ( প্রশাসন ) ক্যাডারে মেধাতালিকায় উত্তীর্ণ হন। কর্মজীবনে তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার ( ভূমি ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণপাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর মুন্নী ইসলাম বলেন, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।