কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

নিহত রানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফেরেন। দেশে এসে তিনি কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় হাইওয়ে ইন হোটেলে চাকরি নেন। এদিকে সম্প্রতি তিনি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে ভিসা সংগ্রহ করেছিলেন। শিগগিরই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে রানা মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পারুয়ারা দাখিল মাদরাসার সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার তীব্রতায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘাতক গাড়ি শনাক্তে চেষ্টা চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!