
মনোয়ার হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে আটক একটি অবৈধ সিএনজি চালিত অটোরিকশা (ট্যাক্সি) থানায় নেওয়ার পথে চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটি উল্টে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা হাইওয়ে পুলিশের নায়েক তাহমিম (তামিম) আলম গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার মিয়া বাজার ফুড প্যালেসের সামনে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার বিকেলে মিয়া বাজার হাইওয়ে থানার সার্জেন্ট আরেফিনের নেতৃত্বে একটি দল মহাসড়কের মিয়া বাজার ফুড প্যালেসের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এ সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ, নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।
পরে অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ ইচ্ছাকৃতভাবে গাড়িটি উল্টে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা হাইওয়ে পুলিশের নায়েক তাহমিম (তামিম) আলম গুরুতর আহত হন।
পরে সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনার সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ একটি নম্বরবিহীন সিএনজি আটক করা হয়েছিল। সেটি থানায় নিয়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটি উল্টে দিয়ে পালিয়ে যায়। এতে নায়েক তাহমিম (তামিম) আলম আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।