
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় কোরবানির হাটে নিজের পালিত গরুর গুঁতোয় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে নিজের পালিত একটি গরু ঘাড়মোড়া বাজারে নিয়ে আসেন আমেনা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা। বাজারে আনার পর হঠাৎ গরুটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শিং দিয়ে আমেনা বেগমকে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি শুনেছি। তাদের পালিত একটি গরু বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।