
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে স্বামী কাজে বের হওয়ার পর গৃহবধূ রান্নার জন্য বাসার মালিকের ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত মেহেদী তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা এনসিপি নেতা ও জেলা ছাত্র শক্তি নেতা কাজী নাসির বলেন, ‘ঘটনাটি শুনেছি। সে আমাদের সংগঠনের নেতা। যেহেতু আমাদের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির আনুষ্ঠানিক উপজেলার কোনো কমিটি গঠন করা হয়নি, তাই তানজিম হাসান মেহেদী কোনো পদ পদবির নেতা ছিলেন না। তবে ছাত্রশক্তিসহ যুবশক্তি ও এনসিপির সকল কার্যক্রমে সামনের ফ্রন্টে থাকতেন।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।