
নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে দাউদকান্দি পৌরসদরের বলদাখাল এলাকার তিন তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দাউদকান্দি পৌরসদরের বলদাখাল পিয়ার হোসেনের এই তিনতলা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। প্রতি মাসে একটি চক্র এসে গ্যাসের ভাড়া নিয়ে যায় ।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইন্সপেক্টর মো. এরশাদ হোসেন বলেন, অগ্নিদগ্ধের খবর পেয়ে ভোর পাঁচটায় আমরা একটি টিম পাঠাই। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আমাদের টিম পৌঁছানের আগেই আহতদের ঢাকা পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি লাইনেজ গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।
এদিকে পশ্চিম মাইজপাড়া গ্রামের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়,বাড়ির মালিক পিয়ার হোসেনের বিল্ডিং এ অবৈধ গ্যাস সংযোগ থাকায় কিছুদিন পূর্বে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কর্মকর্তাবৃন্দ অবৈধ গ্যাস সংযোগের দায়ে লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। গতকাল সোমবার আবারো অবৈধ গ্যাস সংযোগ দেয়। এ সময় বাড়ির ভাড়াটিয়া গ্রামীণ ব্যাংকে কর্মরত জিলহকের স্ত্রী উম্মে হুমায়রা ভোর রাতে সেহরি তৈরি করার সময় গ্যাস লাইনে আগুন জ্বালাতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়।