কুমিল্লায় ঘরের ভেতর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় ঘরের ভেতর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।

রোববার (০১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Post Inside

নিহতরা হলেন- ওই গ্রামের মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তাদের সাত বছর বয়সী কন্যা ফাসিহা।

ফারহানা তিন সন্তানের জননী। ছেলে ঢাকায় বাবার সঙ্গে বসবাস করে। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকভাবে পড়াশোনা করে। ফারহানা শাশুড়ি কদরবানুর সঙ্গে ছোট মেয়ে ফাসিহাকে নিয়ে বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় আমরা একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করি। একটি কক্ষে তীরের সঙ্গে শিশুটির ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে অন্য কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চান্দিনা থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, একই ঘরের দুটি কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরো পড়ুন
error: Content is protected !!