
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা-চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুরের চানগাঁও এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদুল ইসলাম ছোট শরীফপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি হেকেম লিমিটেড কোম্পানির লালমাই উপজেলার এরিয়া ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রতনপুরের চানগাঁও এলাকার ওই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান বা নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন রেললাইন পারাপার করে। মঙ্গলবার দুপুরে জিহাদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহরাভ হোসেন বলেন, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এমনকি সতর্কতামূলক কোনো নিরাপত্তাব্যবস্থাও নেই। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
কুমিল্লা স্টেশন মাস্টার আনোয়ার হোসাইন বলেন, ওই রেলক্রসিং দিয়ে নিজ দায়িত্বে পারাপার হতে হয়। সেখানে রেলওয়ের কোনো দায়িত্বপ্রাপ্ত লোকবল নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।