কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা ক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোসনা বেগম এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার।

Post Inside

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তাঁর নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে এসেছিলেন। চিকিৎসক দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে ওই নারী ও তাঁর নাতনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তাঁরা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জোসনা বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তাঁর নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাঁরা নিহত হন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!