
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়নপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে চলতে থাকা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো ধরনের সংকেত ছাড়াই সড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় শ্যামলী পরিবহনের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি যথাযথ সংকেত ব্যবহার না করে হঠাৎ থামানোর চেষ্টা করায় দুর্ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।