কুমিল্লায় ধানক্ষেতে কিশোরীর বিবস্ত্র মরদেহ, পাশে পরিত্যক্ত সিএনজি

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এবং তার গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Post Inside

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে বাসা থেকে বের হওয়ার সময় তাজমিন এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা জানায়। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে যায় সে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজমিন।

রাতে মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেন বাবা আবদুল আলীম। তবে কোনো কলই সে রিসিভ করেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মেয়ের খোঁজে বের হয়ে বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে মরদেহ দেখে তাজমিনকে শনাক্ত করেন তার বাবা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। একই স্থানে একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, কিশোরীর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন
error: Content is protected !!