কুমিল্লায় পাঁচ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

Post Inside

সোমবার (২৬ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, সদর দক্ষিণ মডেল থানার পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লাখ টাকা, জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লাখ টাকা, ইউনূস ব্রিকসকে ২ লাখ টাকা এবং ইলিয়াছ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১) ধারা অনুযায়ী কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইট প্রস্তুতের উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই আইনের ১৫(১) ধারায় এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!