কুমিল্লায় পাগলা কুকুরের কামড়ে ৫ শিশুসহ ৬ জন আহত

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের মধ্য শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Post Inside

আহতরা হলেন—মধ্য শিদলাই এলাকার রিপন মিয়ার মেয়ে আলিফা ইসলাম (৫), কামরুলের ছেলে হামিম (৯), শরিফুল ইসলামের ছেলে তানভীর (৩), হেলালের স্ত্রী শিরিন (১৯), শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার ইউসুফের মেয়ে হুজাইফা (৩) এবং সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মফিজ মিয়ার মেয়ে কুলসুম (১০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় কুকুরটি একে একে কয়েকটি শিশুসহ এক নারীকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিরিন বলেন, ‘আমি বাড়ির উঠানে বসে মাছ কাটছিলাম। হঠাৎ পেছন থেকে একটি কুকুর এসে আমাকে কামড়ে আহত করে। পরে শুনেছি, কুকুরটি আরও কয়েকজন শিশুকে কামড়েছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, কুকুরের কামড়ে আহত পাঁচ শিশু ও এক নারী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে চারজনকে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত আলিফা ও তানভীরকে ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, কুকুরের কামড়ে আহতদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!