কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র গ্রামের মো. দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) এবং অজ্ঞাত পরিচয়ের এক ভবঘুরে যুবক (প্রায় ৩৫)।

শনিবার (২৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার হারিসদ্দার শিরিষ ফ্যাক্টরি এলাকায় এবং সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম আহমেদ।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শিরিষ ফ্যাক্টরির শ্রমিক পান্না বেগম কাজে যোগ দিতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের এক ভবঘুরে যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন জানান, সড়ক দুর্ঘটনায় আহত নারী ও পুরুষকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম আহমেদ বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভবঘুরে যুবকের মরদেহ ফাঁড়ি থানায় রাখা হয়েছে। পান্না বেগমের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!