কুমিল্লায় প্রেমিকার অন্যত্র বিয়ের খবরে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও এলাকা থেকে মো. রবিউল হোসেন অন্তর (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত অন্তর পশ্চিমগাঁও কাজীপাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

Post Inside

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এক তরুণীর সঙ্গে অন্তরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। তবে তরুণীর বয়স ১৮ বছরের কম হওয়ায় বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আপত্তি দেখা দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করলে লাকসাম থানায় দুই পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে তরুণীর বয়স ১৮ বছর পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয় এবং তরুণীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

স্বজনদের দাবি, ওই ঘটনার পর থেকেই অন্তর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন, ওই তরুণীর সঙ্গে এক প্রবাসী যুবকের বিয়ে হয়েছে। এ খবর পাওয়ার পর তিনি আরও হতাশ হয়ে পড়েন।

শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা অন্তরের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে লাকসাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের চাচা মো. সাইফুল ইসলাম সুমন বলেন, “অন্তর ও ওই তরুণী একে অপরকে ভালোবাসতেন। তিন মাস আগে তারা বিয়ে করেছিলেন। বয়সজনিত কারণে আনুষ্ঠানিকতা স্থগিত রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে জানতে পারি, মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। এরপর থেকেই অন্তর খুব ভেঙে পড়ে।”

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিয়েসংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে এ মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!