কুমিল্লায় ফুটবল মাঠে ঢুকে পরল বাস, একজনের মর্মান্তিক মৃত্যু; আহত ৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফুটবল খেলা চলাকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা দর্শকদের ওপর উঠে গেলে গিয়াস উদ্দিন (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন মুরাদনগরের দুল্লাপাথরপুর গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

Post Inside

স্থানীয় সূত্র জানায়, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে হঠাৎ করে ইলিয়টগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা দর্শকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।

আহতরা হলেন—দুল্লাপাথরপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বানী (১৮), শুল্লুকান্দি গ্রামের আদ্দুস সোবহান মিয়ার ছেলে শাহ আলম (২০), একই গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), যাত্রাপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে ইমরান হোসেন (২০) এবং দুর্গাপুর গ্রামের মৃত ছরুল ড্রাইভারের ছেলে দুলাল মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা কবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তারা জানান, চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এই দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!