কুমিল্লায় বন্ধুদের সঙ্গে গল্পের মাঝেই সাপের ছোবল; তরুণের মৃত্যু

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বিষধর সাপের ছোবলে মামুনুর রশিদ ইমন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের কিং সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন একই গ্রামের রংমিস্ত্রি হারুন রশিদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post Inside

প্রতিবেশী আনসার ভিডিপি কমান্ডার রশিদ আহমেদের ভাষ্য অনুযায়ী, ইমন কয়েকজন বন্ধুকে নিয়ে রাতের দিকে গ্রামের কবরস্থানের পাশের একটি কালভার্টের ওপর বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। তবে প্রথমে বিষয়টি তিনি বুঝতে পারেননি। প্রায় আধাঘণ্টা আড্ডা দিয়ে তিনি বাড়িতে ফিরে যান।

রাত ১১টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় সাপের ছোবল লেগেছে। পরে দ্রুত তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত হয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন জানান, ইমনকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে তিনি মারা যান।

আরো পড়ুন
error: Content is protected !!