
জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ হাজার হতদরিদ্র পরিবারকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ সময় ওষুধ, নতুন কাপড়, ফলদ ও বনজ বৃক্ষ এবং নারীদের প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার দিনভর জেলার লালমাই পাহাড়ে এসএসসি ২০০২ এইচএসসি ২০০৪-এর একটি প্ল্যাটফর্মের উদ্যোগে সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

উদ্যোক্তারা জানান, সারা দেশে বিস্তৃত এ অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৪৬ হাজার সদস্য রয়েছেন। তারা শুধু মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
শুক্রবার ক্যাম্পে ৭০ জন অভিজ্ঞ ডাক্তার ও ৩শ স্বেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান করেন। প্রায় ৫ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে সাধারণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা, দন্তসেবা চট্টগ্রাম থেকে আগত লায়ন্স ক্লাবের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষুসেবা, বিনামূল্যে খৎনা ও কান ছেদন (নাক-কান ফুটানো) কার্যক্রম, ক্যাম্পে আগত সেবাপ্রার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রয়াত বন্ধুদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, জেলা প্রশাসক মু রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬-এর আহ্বায়ক ডা. মো. কামরুল ইসলাম মামুন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মঞ্জুর হোসেন বরাত। সার্বিক সহযোগিতায় ছিলোন, মিথিলি মজুমদার মুমু, কামাল খান বুলি, জিয়াউল হাসান বনি।
এর আগে এ প্ল্যাটফর্ম ২০২১ সালে খাগড়াছড়ি এবং ২০২৩ সালে মিরসরাইয়ে স্বাস্থ্যসেবার আয়োজন করে।
এতে সহযোগিতা প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি, কুমিল্লা পিপলস হাসপাতাল, কুমিল্লা এবং গ্রামিকা।