কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’

স্টাফ রিপোর্টার।।
আন্তর্জাতিক বাংলা ও বাঙালির সংগঠন বাংলা সংস্কৃতি বলয়ের কুমিল্লা সংসদের উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘শরতের বৈঠকি আড্ডা’।

শনিবার রাতে কুমিল্লা নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা, সংগীত, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।

Post Inside

‘সংস্কৃতি মনন করে, বাংলা বলয় বিশ্বজুড়ে’—স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বাঙালি অধ্যুষিত অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে বাংলা সংস্কৃতি বলয়। সংগঠনটির বিভিন্ন শাখা ‘সংসদ’ নামে পরিচিত। শরৎকালকে কেন্দ্র করে কুমিল্লা সংসদ এ বৈঠকি আড্ডার আয়োজন করে।

বাংলা সংস্কৃতি বলয়ের থিম সং সম্মিলিতভাবে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে দর্শক-শ্রোতা, শিল্পী ও আয়োজকেরা অংশ নেন। পরে কুমিল্লা সংসদের আহ্বায়ক রুবেল কুদ্দুসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন নজরুল গবেষক ও নজরুল পদকপ্রাপ্ত ড. আলী হুসেন চৌধুরী, নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতহার হোসেন বাবুল, সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক স্বপন, এ কে আজাদ, ঢাকা থেকে আগত নাট্য গবেষক ড. রহমান চৌধুরী, কুমিল্লা থিওসফিক্যাল লজের সম্পাদক চন্দন দাস, কুমিল্লা ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আজাদ সরকার লিটন, কবি শিপন হোসেন মানব ও সাংস্কৃতিক সংগঠক মফিজুল ইসলাম লালটু। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বাংলা সংস্কৃতি বলয়ের সদস্যরা এতে অংশ নেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী রাসেল দেওয়ান, শ্রাবণী রায় নন্দী, মেহজাবীন ভুঁইয়া, মৌমিতা সর্বাধিকারী ও অনুরাধা দাস। আবৃত্তি পরিবেশন করেন অনিরুদ্ধ দত্ত অংশু, অনয় চক্রবর্তী, রাজদ্বীপ সাহা, বিপ্লব সাহা, সুলতানা পারভীন দীপালি ও সাউদা জান্নাত।

কবিতা পাঠ করেন বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য নেলি দত্ত। স্বরচিত কবিতা পাঠ করেন ‘জোড়া শালিক’-এর স্বত্বাধিকারী কবি হালিম আবদুল্লাহ। এ ছাড়া নিস্কৃতি রায় ও নিহারিকা দত্ত কবিতা পাঠে অংশ নেন। নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা শর্মা দিয়া ও স্বরণিকা দাশ।

বৈঠকি আলোচনায় অংশ নেন বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য ও প্রাবন্ধিক শাহিন শাহ, বিশ্ব কমিটির সদস্য শাহ মোহাম্মদ মুজিবুল হক, বিশ্ব কমিটির কোষাধ্যক্ষ আল আমিন, বলয়ের সদস্য ড. সুবর্ণা মজুমদার, শিক্ষাবিদ কাজী জয়নব ইসলাম সাথী এবং কুমিল্লা সংসদের সদস্য শাহিদা আক্তার পপি ও অনামিকা চক্রবর্তী।

আলোচনায় বক্তারা নগরায়ণ ও বিশ্বায়নের প্রভাবে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে এসব চর্চার সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন। বাংলা গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও লোকজ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

আয়োজন সম্পর্কে প্রতিক্রিয়া জানান লেখক ও গবেষক অপু রহমান এবং নৃত্য প্রশিক্ষক জাহিদুর রহমান মামুন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলা সংস্কৃতি বলয়ের লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন সংগঠনের বিশ্ব কমিটির মহাসচিব, বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন। তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, বিভিন্ন অঞ্চলের বাঙালিদের সাংস্কৃতিক যোগাযোগ এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার বিষয়ে সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন।

শরতের বৈঠকি আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। সংগঠনের সদস্যদের তৈরি তালের পিঠা ও ডালপুরির সঙ্গে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় আখ, জাম্বুরা, কদবেলের ভর্তাসহ বিভিন্ন খাবার।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নির্বাহী সদস্য ও সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ সম্প্রতি কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদের পক্ষ থেকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির যুগ্ম সম্পাদক স্যাম আল মামুন।

আরো পড়ুন
error: Content is protected !!