
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে গাঁজাগাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ মে) ভোররাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার একটি দল ভোর ৪টায় ষাইটশালা গ্রামের আবুল কাশেমের বসতবাড়ির আশপাশে অভিযান চালায়। অভিযানে এসআই ফারুকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানে মোঃ শাহজাহান মিয়ার ছেলে আবুল কাশেম (২৫)কে আটক করা হয়। পরে তার বসতবাড়ির উঠান তল্লাশি করে ১টি গাঁজাগাছ উদ্ধার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”