
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সদ্য খনন করা একটি পুকুরে ডুবে আয়মান ও আল জাহিম নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, আয়মান ( ৭ ) ও আল জাহিম ( ৫ )। তারা ওই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে সদ্য খনন করা একটি পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় পান স্বজনরা। পরে দ্রুত তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর চাচা আরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে দুই ভাই বাড়ির উঠোনে খেলছিল। কিছুসময় পর তাদের উঠোনে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে তাদের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাদের শারীরিক পরীক্ষানিরীক্ষা করে মৃত পাই। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
এদিকে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।