কুমিল্লায় বেইলী সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে পড়ায় যানবাহন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে বেইলী সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়িবোঝাই ট্রাক আটকে যাওয়া যানবাহন চলাচল বন্ধ থাকায় মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলায় যাতায়াতে চরম দুর্ভোগ।

Post Inside

রবিবার(১৮ জানুয়ারি) সকালে সেতুর ওপর আটকে থাকা ট্রাকটির গাছের গুঁড়িগুলো নামিয়ে ট্রাকের চালক ও চালকের সহকারী ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন।

এলাকাবাসি জানায়,শনিবার(১৭ জানুয়ারি) রাত থেকে মতলব-দাউদকান্দি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এ সড়কে চলাচলকারী দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার একাধিক গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দাউদকান্দি উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চল, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করার জন্য ২০০০ সালের ২১ অক্টোবর খিরাই নদের ওপর বেইলি সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘ ২৫ বছর ব্যবহারের পর এখন সেতুটির পাটাতনগুলো মরিচায় নষ্ট হয়ে গেছে। এ কারণে সেতুর স্থানে স্থানে ভেঙে গেছে। এ দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ট্রাক চালকের সহকারী জাহিদ হাসান বলেন, তাঁরা সড়কের সরকারি গাছের গুঁড়ি বোঝাই করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে নিয়ে যাচ্ছিলেন। সেতুর ওপর উঠে মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর সেতুর দুটি স্টিলের প্লেট ভেঙে চাকা আটকে যায়। লাফিয়ে ট্রাক থেকে নেমে তাঁরা দুজন প্রাণে রক্ষা পেয়েছেন।

স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা জানান, অটোরিকশা ও রিকশা সেতুর ওপর উঠলেই সেতুটি কাপতে থাকে। মনে হয়,যেন ভেঙে পড়ছে। চালকরা বলেন, আমরা এ সড়কে সিরিয়াল এবং সিরিয়াল ছাড়া প্রায় কয়েক’শ সিএনজিচালিত অটোরিকশা চালক রয়েছি । ট্রাক ওঠায় সেতুর স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় সংস্কার না করা পর্যন্ত বিপদে আছি ।

ব্যাটারিচালিত রিকশার চালক উপজেলার ধনেশ্বর গ্রামের আলম মিয়া বলেন, মরিচায় সেতুটি পাটাতন নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সেতুর ওপর দিয়ে ভয়ে ভয়ে চালাইতাম। এখন ট্রাকটির ভাগ্য ভালো যে নিচে পড়েনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, গাছের গুড়ি বোঝাই ট্রাকটি ওভারলোডের কারণে এমনটি ঘটেছে। মেরামতে কয়েকদিন সময় লাগবে। আর ওখনেই একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা গত সপ্তাহে এলজিইডি ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত মেরামত করে গাড়ি চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসবে।

আরো পড়ুন
error: Content is protected !!