
স্টাফ রিপোর্টার।।
পবিত্র হজ পালনে আগ্রহী হাজীদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে কুমিল্লায় হজ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে মক্কা ও মদিনা ট্রাভেলস এন্ড ট্যুরস। ২০২৬ সালের হজযাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, করণীয় ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর ইর্স্টান ইয়াকুব প্লাজার পঞ্চম তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৩৮ জন হজযাত্রী।

মক্কা ও মদিনা ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মাওলানা মোঃ বদিউল আলম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা নাজিম উদ্দিন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইয়াকুব প্লাজার খতিব মাওলানা আমিনুল ইসলাম এবং হাফেজ মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (অব.) ডা. মোঃ জয়নাল আবেদীন এবং বিএনপি নেতা আলাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইছাপুরা দাখিল মাদরাসার সভাপতি জিএম যোবায়ের হোসেন, বুড়িচং প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে বক্তারা হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত আমল, ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফা ও মিনার কার্যক্রমসহ হজের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি হজযাত্রীদের শারীরিক ও মানসিক প্রস্তুতি, ভ্রমণকালীন সতর্কতা এবং সৌদি আরবে অবস্থানকালীন করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।