কুমিল্লায় মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

মাহবুব আলম আরিফ।।
কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।

মৃত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় জমির পরিমাপক (আমিন) ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

Post Inside

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। ফরজ নামাজ শেষে বেতর নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় হঠাৎ তিনি সামনে ঝুঁকে পড়ে যান।

বিষয়টি দেখে অন্যান্য মুসল্লিরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় ধনীরামপুর খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!