কুমিল্লায় সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক আহত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতে জালাল হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় নো ম্যান্সলেন্ডে এ ঘটনা ঘটে। আহত জালাল বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকৎসাধীন আছে।

৬০ বিজিবির আওতাধীন শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭ এর সংলগ্ন এলাকায় বিকেলে একটি ঘটনা ঘটেছে। তবে গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের মাধ্যমে ভারতীয় বি.এস.এফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।

Post Inside

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, সীমান্তবর্তী কোদালীয়া গ্রামে মৃত বাদশা মিয়ার ছেলে জালাল (২৮) শ্রমিকের কাজ করে। প্রতিদিনের মতো বুধবার শ্রমিক হিসেবে ধান কাটার জন্য সীমান্তবর্তী জামতলা এলাকায় যায়। ধান কাটা শেষে বিকেল সাড়ে ৫ টায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নো ম্যান্স লেন্ডে প্রবেশ করে ফেলে। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পিছন থেকে বিএসএফ সদস্যর গুলি করে। গুলিবিদ্ধ হয়ে জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়ার তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোঃ বোরহান জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, সীমান্তে গুলির ঘটনা শুনেছি, বিজিবির পক্ষ থেকে এখনো কিছু যানায় নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!