কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২।

Post Inside

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে রুমা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, অপর একটি পৃথক অভিযানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন দুতিয়া দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩২) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রুমা বেগম চৌদ্দগ্রাম থানার শুভপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং ইকবাল হোসেন কোতোয়ালি মডেল থানার দুতিয়া দিঘীরপাড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র‌্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক মাদক কারবারিসহ বিভিন্ন শ্রেণির অপরাধীকে গ্রেফতার করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

আরো পড়ুন
error: Content is protected !!