কুমিল্লায় ১৮ ঘণ্টা পর ডাকাতিয়া নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র মোহাম্মদ শিহাবের (১৮) মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার (২৯ মে) দুপুরে একই স্থানে নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন।

Post Inside

নিহত শিহাব নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের রোকন আহমেদ শিফনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পাশের জাকজোর গ্রামে তালের আঁটি খেতে যান। পরে জুমার নামাজের সময় হয়ে গেলে দ্রুত মসজিদে ফেরার উদ্দেশ্যে তিন বন্ধু ডাকাতিয়া নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু নিরাপদে তীরে উঠলেও শিহাব নদীর মাঝপথে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, দুপুর ১টা ২৫ মিনিটে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি মোহাম্মদ আলীর নেতৃত্বে বিকেলে অভিযান চালানো হলেও শিহাবের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

তিনি আরও জানান, শনিবার সকালে পুনরায় অভিযান শুরু করলে সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!