কুমিল্লায় ৩দিনেও উদঘাটন হয়নি প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে হত্যার রহস্য

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় জড়িতদের ৩ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। গত সোমবার রাতে হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), তাঁর ছেলে হোসাইন (৪) ও জহিরুলের ভাই প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)। গতকাল বুধবার ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হত্যার রহস্য জানাতে পারেনি পুলিশ। ঘাতকরা ওই নারীর পরিচিত নাকি ডাকাতির উদ্দেশ্য, এই দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ।

Post Inside

জানা গেছে, গত সোমবার রাতে মনিপুর গ্রামের প্রবাসী জহিরুলের স্ত্রী পাপিয়া আক্তার সুখী তাঁর ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করে তিনটি কক্ষের মেঝেতে তিনজনের লাশ ফেলে রাখে। মঙ্গলবার সকালে ওই বাসা থেকে কারও সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে ৩ জনের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্ত্রী-সন্তানের লাশ দেখতে বুধবার সৌদি আরব থেকে দেশে এসেছেন জহিরুল ইসলাম। একই দিন লাশগুলো ময়নাতদন্ত শেষে মনিপুর গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।
নিহত শিশু জোবায়েরের মায়ের ভাষ্য, রাতে তাঁর ছেলে জায়ের সঙ্গে থাকতে গেছে। বলেছে, সে তার বড় মায়ের সঙ্গে থাকবে। আগেও মাঝেমধ্যে এসে খেলাধুলা করত, কিন্তু থাকত না। মঙ্গলবার সকালে তাঁর আরেক ছেলে জুনায়েদকে পাঠান জোবায়েরকে ডাকতে। সে গেট ধাক্কা দিয়ে দেখে খোলা। পরে সে ভেতরে ঢুকে দেখে তিন কক্ষে তিনজনের গলা কাটা লাশ। তার চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন।

নিহত পাপিয়া আক্তার সুখীর ভাই ছাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে দ্রুত চলে আসেন। এসে দেখেন তাঁর বোন, ভাগিনা ও ভগ্নিপতির ভাইয়ের ছেলেকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। তিনি বলেন, আলমারির ড্রয়ার খোলা ও এলোমেলো ছিল। বাসার গেট ভেঙে ডাকাতি হলে বাড়ির লোকজন বিষয়টি টের পেত। তাঁর সন্দেহ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রবাসী জহিরুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তান ও ভাতিজাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চান বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, হত্যার কারণ এখনও বের করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!