
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদক সেবন ও মাদক কেনার টাকা জোগাড় করতে ছিনতাই করতেন তারা।
অন্যদিকে, রোববার ভোরে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই অভিযানে বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত বাসটিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।