কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Post Inside

নিহত রমিজ উদ্দিন রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের বরাত দিয়ে তিনি জানতে পেরেছেন যে মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং শনিবার দুপুরে তা নিজ বাড়িতে আনার কথা রয়েছে।

পরিবারের দাবি, গত সোমবার স্থানীয় বাজারের একটি চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। এ সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি দেখে রমিজ উদ্দিন তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় মাদক কারবারিদের এলোপাতাড়ি হামলায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি লুৎফুর রহমান বলেন, “রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

আরো পড়ুন
error: Content is protected !!