কুমিল্লা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

আতাউর রহমান।।
মাদক উদ্ধারসহ মাদক কারবারি গ্রেপ্তার, ডাকাত গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ( ওসি ) নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন। গত এপ্রিল মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার ( ১৯ মে ) মাসিক অপরাধ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়াসহ সকল সার্কেল এসপিগণ।

Post Inside

জানা গেছে, গত এপ্রিল মাসে ওসি মো. ফারুক হোসেনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ১৫০ কেজি গাঁজা, দুটি গাঁজা গাছ, ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি উদ্ধার করে। একই সঙ্গে এসব বহনকারী একটি পিকআপ ও চারটি সিএনজি জব্দ করা হয়।
এছাড়াও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ দুইজন ডাকাত সদস্য গ্রেপ্তার, ২৫টি গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ আসামি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনের সাজা কার্যকরে সহযোগিতা প্রদানে ভূমিকা রাখে থানা পুলিশ।

ওসি মো. ফারুক হোসেনের নেতৃত্বে মাসব্যাপী এসব অভিযানে অংশ নেওয়া পুলিশ অফিসাররা হলেন, উপপরিদর্শক ( এসআই ) মো. আল আমিন, সুজন কুমার আচার্য্য, সৈকত মজুমদার, মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, ফারুকুল ইসলাম, ডিএমএ মজিদ, সহকারী উপপরিদর্শক ( এএসআই ) রতন কুমার মল্লিক ও কামরুজ্জামানসহ অন্যান্যরা।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানাকে মাদক, অপরাধ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আরও কার্যকর ও জনবান্ধব করতে ওসি ফারুক হোসেনের নেতৃত্বে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তাঁর এই অর্জনে থানা পুলিশের সদস্যদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে মো. ফারুক হোসেন বলেন, যেকোনো সুসংবাদ নিজেকে আন্দোলিত করে। পুরস্কারপ্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা জোগায়। ব্রাহ্মণপাড়া থানার অফিসাররা অনেক আন্তরিক ও কর্মচঞ্চল। আজকের এই স্বীকৃতি থানার অফিসারদের আন্তরিকতারই ফসল। এই পুরস্কারপ্রাপ্তিতে ভালো কাজের প্রতি আমাদের দায়িত্ব আরও কয়েকগুণ বেড়ে গেল।

আরো পড়ুন
error: Content is protected !!