চৌদ্দগ্রামে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর মধ্যমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর হোসেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিনের সঙ্গে তাদের জমি ও পারিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে নিজেদের সীমানা প্রাচীর ভেঙে এবং কিছু বনজ গাছ কেটে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও ফৌজদারি মামলা দায়ের করে। একই ঘটনায় আদালতেও পৃথক মামলা করা হয়েছে।

Post Inside

তিনি বলেন, “অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে আমাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি। এরপরও প্রতিপক্ষ সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।”
এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার, আব্দুল ওয়াহাব সর্দার ও মো. মোক্তল হোসেন। তারা বলেন, কে বা কারা রাতে সীমানা প্রাচীর ভেঙেছে তা নিশ্চিত নয়। তবে উভয় পক্ষের জমি বিরোধ থাকায় বিষয়টি আইনি সুবিধা নিতে ব্যবহার করা হচ্ছে বলে তাদের ধারণা। তারা তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক সমাধান কামনা করেন।

এ সময় স্থানীয় ঠিকাদার মো. শাহআলম অভিযোগ করে বলেন, বিরোধ চলাকালে প্রবাসী ইব্রাহিম তাকে রাতে সীমানা প্রাচীর ভাঙার জন্য অর্থের প্রস্তাব দিয়েছিলেন, যা সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্রত্যাখ্যান করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসীর অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. রুহুল আমিন বলেন, “তারা রাতের আঁধারে জোরপূর্বক আমার সীমানা প্রাচীর ভেঙেছে। তাই আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। এখন তারা সংবাদ সম্মেলন করে উল্টো অভিযোগ করছে। প্রয়োজনে ঘটনাস্থলে এসে বাস্তবতা দেখে যেতে পারেন।”

আরো পড়ুন
error: Content is protected !!