
স্টাফ রিপোর্টার।।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশের ধানক্ষেতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন মো. বিল্লাল হোসেন ( ৩৮ )। পিছু নেয় পুলিশও। কাদা-পানির মধ্যে কিছুক্ষণ দৌড় ও ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা। পরে তার শরীর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. বিল্লাল হোসেন উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ( এসআই ) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিল্লাল সড়কের পাশের ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরাও তাকে ধাওয়া করে ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দৌড়ে ও ধস্তাধস্তির পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।