প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ, পরিবেশ সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ কুবির BRF Youth Club

নিজস্ব প্রতিবেদক।।
পরিবেশ দূষণ রোধ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) BRF Youth Club-এর উদ্যোগে ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, BRF Youth Club, Comilla University হলো BRF Youth Club-এর একটি শাখা। সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী বিভিন্ন মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।

Post Inside

ক্লাবের আহ্বায়ক নাজমুল হোসেন হৃদয় বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ক্যাম্পাসকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে সফল করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

ক্লাবের সদস্য নাঈম হাছান বলেন, “BRF Youth Club বিশ্বাস করে, একটি ছোট উদ্যোগও পরিবেশ রক্ষায় বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

কর্মসূচিতে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোবায়েত হোসেন বলেন, “প্লাস্টিকের মতো পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যের বিনিময়ে একটি বৃক্ষ পাওয়া শুধু একটি গাছ নেওয়া নয়, বরং পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার প্রতীক। এমন ব্যতিক্রমী আয়োজন আমাদের আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে।”

তিনি BRF Youth Club, Comilla University-এর এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের মতো কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।

আরো পড়ুন
error: Content is protected !!