বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে- কুমিল্লায় ডা. তাহের

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সংস্কার নিয়ে সব কিছু ঠিকঠাক ছিল, আমরা রাজি ছিলাম, বিএনপিও রাজি ছিল। হঠাৎ তারা উল্টে গিয়ে বলছে নাকি একটি পৃষ্ঠা যোগ করা হয়েছে- এটা সম্পূর্ণ ধোঁয়াশা সৃষ্টি করার অপচেষ্টা।”

Post Inside

তিনি বলেন, “এতদিন সব কিছু ঠিক রেখে এখন বিতর্ক তৈরি করে বিএনপি নতুন সংশয় সৃষ্টি করছে। তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, কিন্তু নিজেরা সংস্কার মানছে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা মানছে না, আরপিও মানছে না, এমনকি সংস্কার নিয়ে যে গণভোটের প্রস্তাব করা হয়েছে, সেটিও মানছে না।”

গণভোট প্রসঙ্গে ডা. তাহের বলেন, “আমরা যখন সংস্কার বিষয়ে গণভোটের কথা বলেছি, তখন তারা রাজি ছিল। আমরা চেয়েছি জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক। কিন্তু এখন তারা বলছে গণভোট ও নির্বাচন একসাথে হবে। তারা এখন তালের রস আর আমের রস একসাথে করতে চায়।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপির কী লাভ, তা আমার জানা নেই। বরং যারা ষড়যন্ত্র করছে, যারা বিদেশে বসে আছে, তারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা জামায়াতে আমীর মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মো. শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।

আরো পড়ুন
error: Content is protected !!