
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচংয়ে ধান বোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে মো. আব্দুল মান্নান (৫৫) নামে এক কলেজ কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার বাসিন্দা এবং কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন।
রোববার (২৪ মে) দুপুরে বুড়িচং-রামপুর পোস্ট অফিস সড়কের পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচে এ দুর্ঘটনা ঘটে।

কলেজের হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, সকালে তিনটি অটোরিকশাযোগে প্রায় ১০ মণ ধান নিয়ে কংশনগর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হন আব্দুল মান্নান। পথে শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচ থেকে অটোরিকশা নিয়ে বাঁধের ওপর ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল মান্নানের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।