
সুমাইয়া আক্তার, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের বসার সুবিধার্থে নবনির্মিত ‘অভিভাবক শেড’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকালে এক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই শেডের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবির, সহসভাপতি সাজেদুজ্জামান সোহাগ, বিদ্যোৎসাহী সদস্য মো. আকরামুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মুনির হোসেন, শিক্ষক নেতা আনোয়ার হোসেন পাশা সহ বিদ্যালয় শিক্ষকমন্ডলি, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মা ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম। রোদ-বৃষ্টির মধ্যে মায়েরা যাতে কষ্ট না পান, সেই উদ্দেশ্যে এই শেডটি নির্মাণ করা হয়েছে। এটি বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, এতদিন নির্দিষ্ট কোনো বসার জায়গা না থাকায় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো অভিভাবকদের। নতুন এই শেড নির্মাণের ফলে বিশেষ করে নারী অভিভাবকরা স্বস্তিতে বসতে পারবেন।
বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। এমন উদ্যোগ সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।