
আতাউর রহমান।।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান। এছাড়াও এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রতিদিন হালনাগাদ করে দোকানে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনিয়ম রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে বিভিন্ন দোকানে তদারকি করে পণ্যের মান, দাম ও ওজন যাচাই করা হয়।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ যাতে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে দাম বাড়াতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।