ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত এ দণ্ড প্রদান করেন।

Post Inside

পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক ( এসআই ) মো. রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. নূর আল-আহসান, রতন কুমার মল্লিক ও মো. নাছির উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে সামারি ট্রায়ালের জন্য তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণাকিরপাড় এলাকার জালাল আহাম্মেদ ( ৪৫ ), কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার জাহিদুল ইসলাম ওরফে মেহেদী ( ২৬ ), একই এলাকার মো. কাউছার মোল্লা ( ৩২ ), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মো. মাসুদ ( ৪২ ), মালাপাড়া এলাকার গোলাম মোস্তফা ( ৪০ ) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষীপুর এলাকার মো. সোহেল আহম্মেদ ( ৩৮ ) ও নোয়াপাড়া এলাকার মো. ইসমাইল ( ৩০)।

এদের মধ্যে আদালত জালাল আহম্মেদ, জাহিদুল ইসলাম ওরফে মেহেদী, মো. কাউছার মোল্লা ও গোলাম মোস্তফাকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মো. মাসুম, মো. সোহেল আহম্মেদ ও মো. ইসমাইলকে তিন দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়াও একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!