
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপহার হিসেবে ২২৩টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২৭ মে ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সহায়তা প্রদানের জন্য উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃত অসহায় দুস্থ ও নিম্নআয়ের পরিবারের তালিকা প্রস্তুত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন।
এছাড়াও এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচএম হেদায়েতুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক কাইউম হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকত হোসেন মনির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম প্রমুখ।
ইউএনও মাহমুদা জাহান বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই সরকারের পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকৃত অসহায় মানুষ যেন সরকারের এ সহায়তার সুফল পায় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।