মাদক নিয়ে ধানক্ষেতে ঝাঁপ কারবারির, তবুও হয়নি শেষরক্ষা

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে পাশের কাদাযুক্ত ধানক্ষেতে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি এক মাদক কারবারির।
পুলিশ পিছু নিয়ে ধানক্ষেতে ঝাঁপ দিলে কাদাজলে ধস্তাধস্তির পর মো. হোসেন মিয়া ( ৫০ ) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার জন্য থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর ) রাত ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী রেলগেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Post Inside

আজ বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন।

গ্রেপ্তার হোসেন মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী এলাকার পশ্চিমপাড়ার নুরুল ইসলাম সর্দার বাড়ির মো. মফিজ উদ্দিন প্রকাশ মফিজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে থানার উপপরিদর্শক ( এসআই ) ডি. এম. এ. মজিদ ও সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. নুর-আল আহসানের নেতৃত্বে উপজেলার শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। রাত ১১টার দিকে ওই ইউনিয়নের মল্লিকাদিঘী এলাকার রেলগেটের পূর্ব পাশে মল্লিকাদিঘী-নারায়ণপুর সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া সঙ্গে থাকা গাজা নিয়ে পাশের কাদাযুক্ত ধানক্ষেতে ঝাঁপ দেন।

পুলিশ সদস্যরাও তাঁকে ধরতে সঙ্গে সঙ্গে ধানক্ষেতে নেমে পড়েন। একপর্যায়ে কাদাজলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!