মালদ্বীপে কুমিল্লার প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

আতাউর রহমান
মালদ্বীপে মো. সজিব (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে সজিবের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আবদুল খালেকের ছেলে।

Post Inside

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মালদ্বীপে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর জানান। পরে তার স্বজনেরা জানতে পারেন, শোবার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

সজিবের চাচাতো ভাই সোহেল জানান, খবর পেয়ে তারা জানতে পারেন, সজিবের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে বসবাসরত দুজন বাংলাদেশিসহ তিন প্রবাসী পলাতক রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।

নিহতের বাবা আবদুল খালেক জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান সজিব। তিনি অবিবাহিত ছিলেন। পরিবারে বড় ধরনের কোনো বিরোধও ছিল না। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা।

সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনেরা। একই সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তারা। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

আরো পড়ুন
error: Content is protected !!