
সরকার মোখলেছুর রহমান।।
Consulate General of Bangladesh in Milan-এর উদ্যোগে Milan-এ যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে কনসুলেট প্রাঙ্গণে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বক্তারা মহান স্বাধীনতার গুরুত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে Italy-এ নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি Bangladesh কমিউনিটির বিশিষ্ট রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অতিথিরা বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস এবং বর্তমান সময়ের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন এবং ইতালির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইতালি ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বিশেষ কেক কাটেন তিনি।
নৈশভোজ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।