মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা, আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

মাহবুব আলম আরিফ।।
কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাওলা সরকার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাওলা সরকার ওই গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য আব্দুর রহিম সরকার ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেচস্কিম সংক্রান্ত বিরোধ সেই দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাওলা সরকারকে লক্ষ্য করে আগে থেকেই ঝোপে লুকিয়ে থাকা ৮-১০ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং পেছন দিক থেকে আকস্মিকভাবে চালানো হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!