মুরাদনগরে ১১টি ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা

মাহবুব আলম আরিফ।।
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত তিন দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত সাঁড়াশি অভিযানে মোট ১১টি অবৈধ ড্রেজার ও প্রায় ৬ হাজার ৭০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৩টি মামলায় ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

Post Inside

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় গত রবি, সোম, মঙ্গলবার এই তিন দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ড্রেজারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুরুন্ডি, কুড়াখাল ও দিঘীরপাড় এলাকা থেকে ২টি ড্রেজার এবং প্রায় ১,২০০ ফুট পাইপ অপসারণ, শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকা থেকে ১টি ড্রেজার এবং প্রায় ৮০০ ফুট পাইপ, মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর এলাকা থেকে ২টি ড্রেজার এবং প্রায় ১,০০০ ফুট পাইপ, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর এলাকা থেকে ১টি ড্রেজার এবং প্রায় ৭০০ ফুট পাইপ, যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হতে ১ টি ড্রেজার এবং প্রায় ৫০০ ফুট পাইপ, দারোরা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৩টি ড্রেজার এবং প্রায় ১৫০০ ফুট পাইপ, পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ হতে ১ টি ড্রেজার এবং প্রায় ৮০০ ফুট পাইপসহ মোট ১১টি অবৈধ ড্রেজার ও প্রায় ৬ হাজার ৭০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

পাশাপাশি অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩টি মামলায় ৩ জনকে মোট ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে একদিকে যেমন উর্বর কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। জনস্বার্থ রক্ষায় এবং আবাদি জমি বাঁচাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযান চলাকালে স্থানীয় সচেতন মহল ও কৃষকরা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন
error: Content is protected !!