
মাহবুব আলম আরিফ।।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার প্রবাসী বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউইয়র্কের আলবানি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী গ্রামের হীরামন সরকার (৬০) ও তার ছেলে নাজমুল এম. রুবেল (৩০) এবং নাজমুল এর ঘনিষ্ঠ বন্ধু ফাহিম হালিম (২৭)।
অপরদিকে আহতরা হলেন, নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনি ইকরা আয়াত (১)। তাদের নিউইয়র্কের আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম।
নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন সবাই। নিহত নাজমুল রুবেল গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিউইয়র্ক কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে গ্রামের বাড়ি কড়ইবাড়ী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পুরো এলাকা।
নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম জানিয়েছেন, তাদের জানাজা নিউইয়র্কে আজ জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউজার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের মরদেহ দাফন করা হবে।