
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলা সদরে ভেজাল খাদ্য ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে হোমনা সদর বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোমনা পৌর প্রশাসক আহমেদ মোফাচ্ছের।

অভিযান চলাকালে একটি দোকানে খাবারের সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া অপর একটি দোকানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর অনুমোদনবিহীন লবণ বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভেজাল ও অননুমোদিত পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি বলেন, “ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানিয়েছে।