হোমনায় যুবদল নেতার বাড়িতে আগুন; সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউনিয়ন যুবদল নেতার বসতঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর সাব বাড়ীতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. খবির আহাম্মদ ওই এলাকার মরহুম আলী আহাম্মদের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক।

Post Inside

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির নিচতলার ড্রয়িং রুমের জানালার গ্লাস ভেঙে ভেতরে আগুন নিক্ষেপ করে সোফায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খবির আহাম্মদ অভিযোগ করেন, স্থানীয় মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন করে আসছিলেন তিনি। বিশেষ করে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরো পড়ুন
error: Content is protected !!