৫ অক্টোবর কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন; ৪ অক্টোবর কোথায় ছিল?

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) গত ৫ অক্টোবর (সোমবার) কক্সবাজার গিয়েছিল বলে জানা গেছে। ফেসবুকে পরিচয়ের পর ১৭ দিনের সম্পর্কের জেরে রাজু চৌধুরী (২০) নামের এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার যায় সে।

জানা গেছে, কলাতলি ডলফিন মোড়ের উপরের অংশে একটি আবাসিক হোটেলে চাকরি করে রাজু চৌধুরী। তার বাড়ি চকরিয়া লামা উপজেলার কুমারী ইউনিয়নের বরছনখোলা গ্রামে। এর বেশি পরিচয় ও তথ্য জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর কালবেলার হাতে আছে। কিন্তু শনিবার সন্ধ্যার পর থেকে তার মোবাইলটি বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, পুলিশ বা আইনি ঝামেলার ভয়ে সে আত্মগোপনে গেছে। হোটেলও তাকে পাওয়া যায়নি।

Post Inside

কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ শনিবার রাতে বলেন, মঙ্গলবার ৬ অক্টোবর রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। পরদিন বুধবারের জন্য একটি টিকিট কাটে ছেলেটি। বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে।

এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে রাজুকে ডেকে জানতে পারে সে হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি।

ওইদিন রাজুর ভাষ্যমতে, তাজমিন সোমবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাত ১টা ১৫ মিনিটের দিকে সে সেখানে পৌঁছায় এবং রাজু তাকে নিয়ে একটি হোটেলে তোলে। পরদিন সকালে তারা কলাতলির হোটেল-মোটেল জোনের ‘মেঘলা রিসোর্ট’ নামের আরেকটি হোটেলে ওঠেন।

সেদিন রাত সাড়ে ৮টার দিকে ওই বন্ধু তাজমিনের জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ বাসের ডি-১ (ডি১) সিটটি বুক করেন। তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তাজমিনকে বাসে তুলে দিয়েছিলেন। তিনি আরও জানান, ফেসবুকে ১৭ দিনের পরিচয়ের আগে ইন্সট্রাগ্রামে তিন মাস ধরে যোগাযোগ ছিল তাদের।

জানা গেছে, বাসা থেকে বেরিয়ে প্রথমে ব্রাক্ষণবাড়িয়া যায় তাজমিন। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়।

কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে।

এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি।

মেয়ের বন্ধু-বান্ধব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন তাজমিনের মা। কোনো অঘটন ঘটতে পারে এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। জানতে চাইতেন তার চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে। কিন্তু এত সতর্কতার পরও শেষ পর্যন্ত মেয়েকে রক্ষা করতে পারেননি তিনি।

এদিকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যে বান্ধবীকে দুষছেন তাজমিনের মা তিনি তার চেয়ে বয়সে বড়। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা এখনো মেলেনি। তবে মেয়ে অবাধ্য হয়ে উঠেছিল। পাপজিসহ মোবাইল গেমে আসক্ত ছিল।

তাজমিনের শিক্ষক সাদ বিন এরশাদ বলেন, আমি তাকে দীর্ঘদিন পড়িয়েছি। সে খুবই চঞ্চল স্বভাবের ছিল। তার মা অসুস্থ হলে দুই যমজ ছোট ভাইয়ের দেখভাল করত তাজমিন। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এ কারণে তার বাবা সকালে বাসা থেকে বের হলে রাতে ফিরতেন। তবে বাবা তাজমিনকে খুব আদর করতেন। ঘরে রাগ হলে সে হুটহাট করে বাসা থেকে বের হয়ে যেত।

পুলিশ বলেছে, ঘাতক একজনই, সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া। সে আদালতে স্বীকারোক্তিও দিয়েছে।

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান মনে করেন, রাজুর সঙ্গে তার সম্পর্ক না হলে তাকে কক্সবাজার যেতে হতো না। এতে মৃত্যুর মতো বিপদ থেকে হয়ত সে বেঁচে যেত।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে।

পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!