কুমিল্লার দেবীদ্বারে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দেবীদ্বার (কুমিল্লা)।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জঙ্গলের পাশে বসবাসকারী এক ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং খবর দেওয়া হয় থানা পুলিশকে।

Post Inside

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে নারীটিকে হত্যা করে নির্জন এ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। বয়স আনুমানিক চল্লিশের মতো। শরীরে এখনও তেমন পচন ধরেনি, তবে মুখমণ্ডলে পোকা ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “মরদেহের পেটের অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে, সম্ভবত তিনি গর্ভবতী ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিআইডি, পিবিআই ও নারী পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলা নির্জন থাকলেও রাতের বেলায় ওই এলাকায় মাদকসেবী ও বিভিন্ন অপরাধীর আনাগোনা বেড়েছে। তারা অভিযোগ করেন, “রাতে এখানে যেসব তরুণদের দেখা যায়, তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!